পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আরিয়ান সাব্বির (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেট এলাকায়।
নিহত আরিয়ান সাব্বির মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জ ওয়ালীনেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আরিয়ান সাব্বির। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মরদেহ হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশেদ আলম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
