নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কিশোরগঞ্জে জেলা বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা, শিশুদের জন্য রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের পুরাতন স্টেডিয়ামে লোকজ মেলা উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উদ্বোধন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের লাঠিখেলা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি এবং দেশীয় বাদ্যযন্ত্র পরিবেশনার মাধ্যমে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, মুখোশ, ব্যানার-ফেস্টুনসহ নানা উপকরণে সাজিয়ে তোলেন উৎসবের আবহ।
এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সকাল থেকেই পুরাতন স্টেডিয়ামে ভিড় জমাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় রয়েছেন স্থানীয় শিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলা নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসেছে গ্রামীণ মেলা।
