ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা : জামায়াত আমির

প্রতিবেদক
-
February 3, 2026 3:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটে হাত দিতে পারবে না। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি বলেন, অনেকে বলেন জামায়াতের সরকার হবে বা ইসলামি দলের সরকার হবে। আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই।

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করা হবে উল্লেখ করে তিনি বলেন, কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে।

নদনদী প্রসঙ্গে তিনি বলেন, নদীগুলোকে কার্যত খুন করা হয়েছে। হাওরের বিলগুলোও ধ্বংস হয়ে গেছে। আমরা এসব বিষয়ে উদ্যোগ নেব। নদীর জীবন ফিরে এলে বাংলাদেশের জীবনও ফিরে আসবে। তাই নদীকে কেন্দ্র করেই আমাদের উন্নয়ন সংস্কারের কাজ শুরু হবে।

ডা. শফিকুর রহমান বলেন, অনেকে প্রশ্ন করতে পারেন এত টাকা কোথায় পাওয়া যাবে। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ ফেরত আনা গেলে উন্নয়ন সম্ভব।

উন্নয়নে পিছিয়ে থাকা অঞ্চল নিয়ে জামায়াত আমির বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এই দেশে হাত পাতা কেউ থাকবে না। যারা কাজ করতে পারেনা, তাদের দায়িত্ব সরকার নেবে।

মায়েদের নিয়ে অশালীন আচরণ প্রসঙ্গে তিনি বলেন, আমি বরাবরই এর প্রতিবাদ করে এসেছি। সেই কারণেই কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগে গেছে। এরই ধারাবাহিকতায় আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে অত্যন্ত নোংরা আপত্তিকর বার্তা ছড়ানো হয়। আমাদের আইটি টিম সাইবার টিম দ্রুত পদক্ষেপ নিয়ে অ্যাকাউন্টটি রিকভারি করেছে এবং তদন্তের মাধ্যমে কারা কোথা থেকে এই কাজ করেছে, তা শনাক্ত করেছে। আশ্চর্য দুঃখজনক বিষয় হলো সব তথ্য স্পষ্টভাবে সামনে আসার পরও একটি রাজনৈতিক দল এই ঘটনাকে কেন্দ্র করে এখনো রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জেলার পাঁচটি আসনের জামায়াতের প্রার্থীরা বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য করুন