অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
বুধবার সকালে খয়েরপুর–আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কদমচাল গ্রামের আজমান মিয়া ও তার সহোদর ভাই ইব্রাহিম মিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতেও উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এর জের ধরে বুধবার সকালে আজমান মিয়ার শ্বশুরবাড়ির লোকজন ইব্রাহিম মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
