পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে নাছির উদ্দীন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া–মঠখোলা আঞ্চলিক সড়কের নিশ্চিন্তপুর পাঁচতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাছির উদ্দীন চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হোসেন্দী মানিক কবিরাজের বাড়ি থেকে শরীর ব্যথার ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া হয়ে বাড়িতে যাচ্ছিলেন নাছির উদ্দীন। মোটরসাইকেলটি পৌর সদরের নিশ্চিতপুর পাঁচতলা এলাকায় গেলে বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাছির উদ্দীন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
