পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কাউছার আহাম্মেদ রবিন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে হোসেন্দী এলাকায়।
গ্রেফতার রবিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি ভিকটিমের মায়ের খালাতো দেবর বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে হোসেন্দী এলাকাতেই বসবাস করছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ ঘরে মোবাইল ফোন দেখছিল শিশুটি। এ সময় রবিন ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার মা ঘরে গিয়ে ঘটনা দেখে তিনিও চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা গিয়ে রবিনকে আটক করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে রবিনকে থানায় নিয়ে আসে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
